ইংলিশ এফ এ কাপের কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছে চেলসি। তবে ড্র করায় পঞ্চম রাউন্ডের রিপ্লে ম্যাচ খেলতে হবে ম্যানচেস্টার সিটির।
উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে চেলসির হয়ে গোল করেন পেদ্রো রদ্রিগেজ আর দিয়েগো কস্তা।
এদিকে, বার্নলিকে বিদায় করে ১০৩ বছরের ইতিহাসে প্রথম নন-প্রিমিয়ার লিগ ক্লাব হিসেবে শেষ আটে পাড়ি জমিয়েছে লিঙ্কন সিটি। লিঙ্কন সিটির পথ অনুসরণ করে ইপিএল চ্যাম্পিয়ন লেষ্টার সিটিকে বাড়ির পথ দেখিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিগ ওয়ানের ক্লাব মিলওয়াল। এছাড়া হুডার্সফিল্ডের সঙ্গে গোলশূন্য ড্র করায় এফ এ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচটি আবারো খেলতে হবে ম্যানসিটির।
কাতার ওপেনে শিরোপা জিতল প্লিসকোভা
সাবেক নাম্বার ওয়ান ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে কাতার ওপেনে নিজের দ্বিতীয় শিরোপা জিতেছেন ক্যারোলিনা প্লিসকোভা।
বৃষ্টি বিঘ্নিত সপ্তাহের কারণে ২৪ ঘণ্টার ভেতর কোয়র্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলতে হয়েছে প্লিসকোভার। যদিও এক ঘণ্টা ২০ মিনিটের লড়াই শেষে সরসরি সেটে জয় পেয়েছেন চেক তারকাই। ৬-৩, ৬-৪ গেমে ওজনিয়াকিকে পরাস্ত করে নিজের অষ্টম ডব্লিউ টি এ টাইটেল জিতেছেন র্যাং কিংয়ের তিন নম্বর তারকা।
এদিকে, ২৩ বছর বয়সী প্লিসকোভার কাছে হারলেও কাতার ওপেনের রানার্স আপ হওয়ায় র্যাং কিংয়ে তিন ধাপ ওপরে উঠতে যাচ্ছেন ওজনিয়াকি।
ইনডোরে নিজের শেষ দৌঁড়েও রেকর্ড ফারাহের
ইনডোরে নিজের শেষ দৌঁড়েও রেকর্ড গড়লেন মো ফারাহ। বার্মিংহামে পাঁচ হাজার মিটারে নতুন ইউরোপিয়ান রেকর্ড গড়েছেন তিনি।
বার্মিং হাম গ্র্যান্ড পিক্সে তেরো মিনিট নয় দশমিক এক ছয় সেকেন্ডে দৌঁড় শেষ করে পাঁচ হাজার মিটার স্প্রিন্টে ইউরোপিয়ান রেকর্ড গড়েন ফারাহ।
এ বছরই ট্র্যাক থেকে বিদায় নিতে যাচ্ছেন চার বারের অলিম্পিক চ্যাম্পিয়ন। ইনডোরে এটি ছিল তার শেষ দৌঁড়।
লন্ডনে এ বছরের আগস্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পর ৩৩ বছর বয়সী এই ব্রিটিশ স্প্রিন্টার মন দেবেন রোড রেসিংয়ে।