ড্র করে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোয় স্প্যানিশ লিগের শীর্ষে উঠলো বার্সেলোনা।
রাতে স্পোর্টিং গিহনকে বার্সা ৬-১ গোলে উড়িয়ে দিলেও জিততে পারেনি রিয়াল। লাস পালমাসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিদানের দল।
মাদ্রিদের ক্লাবটির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৫৭ পয়েন্ট কাতালানদের। গিহনের একটি আত্মঘাতী গোল ছাড়া কাতালানদের অন্য গোলগুলো করেছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, অ্যালকেকার, নেইমার ও ইভান র্যা কেটিচ। ৬-১ গোলে জয়ের পর এ মৌসুম শেষে ন্যু ক্যাম্প ছাড়ার কথা জানান বার্সার বর্তমান ম্যানেজার লুইস এনরিকে।
এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষদিকের দুই গোলে অল্পের জন্য হার এড়িয়েছে রিয়াল মাদ্রিদ।
গ্যারেথ বেইলের গোল রেফারি বাতিল করে দিলে লাস পালমাসের ভিয়েরাকে ফাউল করে লাল কার্ড পান ওয়েলশ উইঙ্গার।
এর আগে তিন মাস গোঁড়ালির চোটে খেলার বাইরে ছিলেন তিনি। ৩-৩ গোলের ড্রয়ে, দুই পয়েন্ট হারালেও বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলায় এখনো শিরোপা দৌঁড়ে টিকে আছে সাদা জার্সির দলটি।