গল টেস্টের শেষ দিনে পরাজয় এড়াতে পারলো না বাংলাদেশ।
অবশেষে বড় হারই মেনেই নিতে হলো বাংলাদেশ দলকে। বিনা উইকেটে গল টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু করে দেড় সেশনেই অলআউট মুশফিকুর রহিমের দল।
মাত্র ২৫৯ রানে হেরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১-০-তে পিছিয়ে যায় বাংলাদেশ। অথচ এ সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা দলের অনভিজ্ঞতা নিয়ে এত আলোচনা হয়েছে, বাংলাদেশই যেন এ সিরিজের ফেবারিট!
জয়ের জন্য ৪৫৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১৯৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৫৩ রান সৌম্য সরকারের ব্যাট থেকে আসে। মুশফিকুর রহিম ৩৪, লিটন দাস করেছেন ৩৫ রান। মেহেদী হাসান মিরাজ করেছেন ২৮ রান। ৫৯ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের বিপক্ষে হন্তারকের মূল ভূমিকায় লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ।
লাঞ্চের পর মুশফিকুর রহিম আর লিটন দাসের লড়াইটা লাঞ্চের পর বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির পর লক্ষ্মণ সানদাকানের করা ওভারের দ্বিতীয় বলেই আউট হন মুশফিকুর রহিম।
লেগ স্টাম্পের বাইরে পড়া বলটি বাক খেয়ে আরো বাইরের দিকে যাওয়ার মুহূর্তে মুশফিক তুলে দেন উইকেটকিপার নিরোশান ডিকভেলার হাতে।
৩৪ রান করে ফিরেন মুশফিক। ষষ্ঠ উইকেট জুটিতে লিটন দাসের সঙ্গে ৫৪ রান যোগ করেছিলেন। জুটিটা ভাঙতে আর ১৩ ওভার টিকল বাংলাদেশ।
লিটনও মুশফিক যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি। ৩ ওভার পরেই রঙ্গনা হেরাথের শিকার হন ৩৫ রান করে।
পঞ্চম দিনের প্রথম ঘণ্টাতেই ৫ উইকেট হারিয়ে বসা বাংলাদেশ ম্যাচের ভাগ্য সেখানেই নির্ধারণ করে দিয়েছে। দিনের সকালটা দুঃস্বপ্ন হয়েই আসে বাংলাদেশের জন্য। ৬৭ রানের ওপেনিং জুটির পর মাত্র ৩৭ রানেই ৫ উইকেট হারিয়ে পরিণত হয় ধ্বংসস্তূপে।