ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে ইংলিশ এফএ কাপের সেমিফাইনালে উঠলো চেলসি। কোয়ার্টার ফাইনালে রেড ডেভিলদের ১-০ গোলে হারিয়েছে ব্লুরা। লন্ডনে ২৩ এপ্রিল প্রথম সেমিফাইনালে চেলসির প্রতিপক্ষ টটেনহাম হটস্পার। ওয়েম্বলি স্টেডিয়ামে ২৪ এপ্রিল শেষ চারের অন্য ম্যাচে লড়বে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।
স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধ শেষ হবার দশ মিনিট আগে, দ্বিতীয় বার এডেন হ্যাজার্ডকে ফাউল করায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ইউনাইটেড মিডফিল্ডার অ্যান্ডার হেরেরা।
বিরতি থেকে ফিরেই দশ জনের ম্যানইউর জালে গোল করতে সফল হন এনগোলো কান্তে। পরাস্ত করেন রেড ডেভিল গোলরক্ষক ডেভিড দ্য হেয়াকে। চোটের কারণে ম্যানইউ একাদশে ছিলেন না ওয়েইন রুনি ও অ্যান্থনি মার্শাল। নিষেধাজ্ঞার কারণে ছিলেন না জ্লাতান ইব্রহিমোভিচও।
তুলনামূলক দুর্বল একাদশ নিয়ে খেলতে নামা ইউনাইটেডের পক্ষে সবচেয়ে ভালো সুযোগটা তৈরি করেন মার্কাস র্যা শফোর্ড। অসুস্থ হয়েও বদলি খেলোয়াড় হিসেবে নেমে দারুণ এক শট নিলেও, চেলসি কীপার থিবো কোর্তোয়াকে বোকা বানাতে পারেননি তিনি।