কলম্বোর পি সারা ওভালে নিজেদের শততম টেস্ট খেলবে বাংলাদেশ। এসএলসির আমন্ত্রণে শততম টেস্ট দেখতে কলম্বো যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার সকাল সাড়ে ১০টায় শুরু হবে খেলা।
বাংলাদেশের শততম টেস্ট স্মরণীয় করতে নানা আয়োজন করছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। একইসঙ্গে সিরিজের শেষ টেস্ট সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছে দুই দল।
এদিকে, গল টেস্টে ২৫৯ রানের হার পেছনে ফেলে ভালো কিছু করার প্রত্যাশা হাথুরুসিংহের শিষ্যদের। যদিও পি সারা ওভালে বাংলাদেশের পরিসংখ্যান ভয়ানক উদ্বেগের। এ মাঠে আগের দুই টেস্টের ২টিতেই লঙ্কানদের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।
টাইগারদের টিম কম্বিনেশনে আসছে পরিবর্তন, মাহমুদুল্লাহ থাকছেন না তবে তামিম-সৌম্যর ওপেনিং জুটি ভাঙার ইচ্ছে নেই ম্যানেজমেন্টের। ফলে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় উড়িয়ে নেয়া ইমরুলের শততম টেস্টে মাঠে নামা অনিশ্চিত।
এছাড়াও কলম্বো টেস্টের একাদশে বোলিং ডিপার্টমেন্টেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।