ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের টিকেট কেটেছে লেস্টার সিটি ও ইয়ুভেন্টাস। শেষ ষোলোর দ্বিতীয় লেগে জিতেছে ক্লাব দুটি। স্প্যানিশ ক্লাব সেভিয়াকে বাড়ির পথ দেখিয়েছে লেস্টার আর পর্তুগালের এফসি পোর্তোকে হারিয়েছে ইয়ুভরা।
সেভিয়ার কাছে প্রথম লেগ ২-১ গোলে হারের পর, কোচ ক্লদিও রানেইরিকে বরখাস্ত করে লেস্টার। গত মৌসুমে রানেইরির হাত ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল ফক্সরা।
রানেইরি না থাকলেও, দারুণ পারফরম্যান্সে দ্বিতীয় লেগ ২-০ ব্যবধানে জিতে নেয় ইংলিশ ক্লাবটি। ৩-২ অ্যাগ্রিগেটে এগিয়ে যাওয়ায়, নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনালে খেলা। আরেক ম্যাচে ইকার ক্যাসিয়াসের পোর্তোকে ১-০ গোলে পরাস্ত করেছে ইয়ুভেন্টাস।
প্রথম লেগ ২-০ গোলে জিতে আগেই শেষ আটে এক পা দিয়ে রেখেছিল ইতালিয়ান ক্লাবটি। রাউন্ড অব সিক্সটিনের দুই লেগ শেষে ৩-০ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনালে পাড়ি জমান বুফনরা।