উত্তেজনাপূর্ণ একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মাত্র ২ রানে হেরে গেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ৩৫৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩৫২ রান করে টাইগাররা।
বাংলাদেশের পক্ষে ফিফটি করেছেন সাব্বির, মোসাদ্দেক, মাহমুদুল্লাহ ও মাশরাফি বিন মর্তুজা।
কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। পেরেরা, উইরাক্কোডি ও ডি সিলভার ফিফটিতে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৩৫৪ রানের পাহাড় গড়ে তারা।
জবাব দিতে নেমে কোনো রান করার আগেই বিদায় নেন বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস। তবে এরপর সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ এবং মাশরাফি বিন মর্তুজার ফিফটিতে লঙ্কানদের সমুচিত জবাব দেয় টাইগাররা।
শেষ পর্যন্ত মাত্র ২ রানের জন্য জয়বঞ্চিত হয় মাশরাফির দল। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩৫২ রান করে বাংলাদেশ। ৭১ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ।