গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ইমার্জিং টিম এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল। 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে ম্যাচ টাই করে টাইগাররা।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান অনুর্ধ্ব-২৩ দল। হারিস সোহেলের ৬৩ ও হুসেন তালাতের অপরাজিত ৫৭ রানে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৩৩ রান করে সফরকারীরা। মোহাম্মদ সাইফুদ্দিন ৩টি এবং আবুল হাসান ও নাসুম আহমেদ নিয়েছেন দুটি করে উইকেট।
জবাব দিতে নেমে, ২৪ রানে দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। এরপর মমিনুল হকের ৭৫, নাজমুল হোসেনের ৩০ ও মোহাম্মদ মিথুনের ৫৩ রানে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৩৩ রান তোলে টাইগাররা। ম্যাচ টাই হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।
অন্য গ্রুপের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে চমক দেখিয়েছে আফগানিস্তান। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।