মৌসুমের শেষপ্রান্তে গিয়ে পয়েন্ট খোঁয়ালো লিগ লিডার চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠেই ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হারলো ব্লুরা। স্ট্যামফোর্ড ব্রিজে শেষ দশ লিগ ম্যাচ জিতেছিল স্বাগতিকরা। ঘরের মাটিতে জয়বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে জিতেছে লিভারপুল ও লেস্টার সিটি।
সেই ধারায় এডেন হ্যাজার্ডের ক্রসে পাঁচ মিনিটের মধ্যে সেস ফ্যাব্রিগাসের গোলে লিডও নেয় ব্লুরা। এর ছয় মিনিট যেতে না যেতেই পিছিয়ে পড়ে অ্যান্তোনিও কন্তের শিষ্যরা। একক নৈপুন্যে গোল করেন উইলফ্রিড জাহা। আর ক্রিশ্চিয়ান বেনতেকের আলতো শটে জয় নিয়ে বাড়ে ফেরে ঈগলসরা।
চেলসি হারলেও, বার্নলিকে ২-০ গোলে পরাস্ত করে শীর্ষ দলটির সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়েছে টটেনহাম হটস্পার।
এদিকে, ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট ব্রমের সঙ্গে গোলশূণ্য ড্র করে আবারো পয়েন্ট খুঁইয়েছে ম্যানইউ। নতুন বস ক্রেইগ শেক্সপিয়ারের অধীনে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে লেস্টার সিটি। স্টোক সিটির বিপক্ষে ফক্সদের জয় ২-০ গোলে।
এছাড়া শীর্ষ চারে থাকাটা আরেকটু পাকাপোক্ত করেছে লিভারপুল। এভারটনের বিপক্ষে অল রেডরা জিতেছে ৩-১ গোলে।