অনেক অনুযোগ আর দফায় দফায় বোর্ড প্রেসিডেন্টদের বৈঠকের পর পাকিস্তানে দল পাঠাতে রাজি হয়েছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেটি জাতীয় দল কিংবা হাই পারফর্মেন্স টিম নয়। বিসিবি সূত্রে, খবর বাংলাদেশের বয়সভিত্তিক দলই যাচ্ছে পাকিস্তানে।
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রেসিডেন্ট নিজ দেশের গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির হাইপারফরমেন্স ইউনিটের দল সফরে যাবে পাকিস্তানে।
আজ কলম্বোতে এক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্টদের। এতে অংশ নেয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন না ভারতের বোর্ড প্রধান।
এফটিপিতে নির্ধারিত পাকিস্তান দলের বাংলাদেশ সফরটি জুলাই আগষ্টেই হবে। বৈঠকে মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে বছরের যে কোনো সময়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশের বয়সভিত্তিক একটি দল। এছাড়াও নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের সঙ্গে হোম সিরিজ আয়োজন করতেও প্রস্তুত পিসিবি।
বাংলাদেশের পাকিস্তান সফরের ভেন্যু হতে পারে শ্রীলঙ্কাও। মাত্র দুই দিন আগেই পাকিস্তানে দুটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিসিবি।
২০১৫ সালে বাংলাদেশ সফরে এসে বিসিবির কাছ থেকে প্রায় তিন লাখ ডলার পেয়েছিল পিসিবি। এবারের সফরেও পাকিস্তান বাংলাদেশের কাছে মুনাফার অংশ দাবি করেছে। তাতে সম্মত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।