এল-ক্লাসিকো দিয়ে খেলায় ফিরতে পারেন গ্যারেথ বেইল। চোট কাটিয়ে বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেছেন ওয়েলশ তারকা। এক দিন পরই এল-ক্লাসিকো। ২৪ এপ্রিল রাতে স্প্যানিশ লিগে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ ক্লাব ফুটবলের দুই মহারথীর মহারণের আগে রিয়াল সমর্থকদের মনে আশার প্রদীপ জেলেছে বেইলের অনুশীলনে ফেরার সংবাদ। ২০১৩ সালে বেইল মাদ্রিদে আসার পর লা লিগার শিরোপা জেতা হয়নি সাদা জার্সির দলটি। এবার এক ম্যাচ কম খেলে বার্সার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে আছে জিদানের শিষ্যরা। উল্টো চিত্র কাতালানদের। গত দুই আসরের শিরোপাধারীদের সময়টা ভালো যাচ্ছে না।
ইয়ুভেন্টাসের কাছে হেরে বিদায় নিতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। শুক্রবার তিন ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা নেইমারের আপিলও খারিজ হয়েছে। ফলে রিয়ালের বিপক্ষে এই ব্রাজিলিয়ানকে পাচ্ছেন না লুই এনরিকে।
রোববার জিতলে পাঁচ ম্যাচ হাতে রেখে বার্সার চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে যাবে মাদ্রিদের শীর্ষ ক্লাবটি। আর বার্সা জয় পেলে জমে উঠবে লা লিগার শেষদিকের ম্যাচগুলো।