শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংলিশ এফএ কাপের ফাইনালের টিকেট পেল চেলসি। প্রথম সেমিফাইনালে টটেনহাম হটস্পারকে ৪-২ গোলে পরাস্ত করেছে ব্লুজরা আর টানা সপ্তমবারে মতো এফ এ কাপের শেষ চার থেকেই বিদায় নিতে হলো টটেনহামের।
লন্ডনের ওয়েম্বলিতে হয়েছে জমজমাট লড়াই। একে অপরকে বিন্দুমাত্র ছাড় দেয়নি ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দুই দল। খেলা মাঠের গড়ানোর মিনিট পাঁচেকের মধ্যে উইলিয়ানের ফ্রি-কিকে এগিয়ে যায় চেলসি। হ্যারি কেইনের হেডারে সমতা আনে টটেনহাম। বিরতির আগে রক্ষণভাগে বোকার মতো ভিক্টর মোজেসকে ট্যাকেল করে চেলসিকে পেনাল্টি উপহার দেন হিউং মিন সন। উইলিয়ানের শটে আবারো এগিয়ে যায় চেলসি।
ড্যালে অ্যালির নজরকাড়া শটে বিরতি থেকে ফিরে সাত মিনিটের মধ্যে সমতায় ফেরে স্পাররা। কিন্তু এরপরই তুরুপের তাস হিসেবে এডেন হ্যাজার্ডকে মাঠে নামান অ্যান্তোনিও কন্তে। বদলি হিসেবে নামেন দিয়েগো কস্তাও।
শক্তিশালী শটে টটেনহামের রক্ষণ ফাঁকি দিয়ে গোল করেন হ্যাজার্ড। আর মাঝমাঠ থেকে নেয়া নেমানিয়া মাটিচের অসাধারণ শটে জয় ছিনিয়ে নেয় চেলসি।