ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগ জিতেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। এদিকে আরেক সেমিফাইনালের প্রথম লেগে রাত পৌনে ১টায় মোনাকোর মুখোমুখি হবে ইউভেন্টাস।
চ্যাম্পিয়ন্স লিগে একমাত্র ফুটবলার হিসেবে একাই একশ গোলের রেকর্ড আছে রোনালদোর। অ্যাতলেটিকোর বিপক্ষে হ্যাটট্রিক করে সেই গোলের সংখ্যা আরেকটু বাড়িয়ে নিয়েছেন পতুর্গিজ উইঙ্গার। অ্যাতলেটিকো মাদ্রিদের পুরো ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ গোল একশটি। অ্যাতলেটিদের চেয়ে রোনালদোর এখন তিনটি গোল বেশি।
চ্যাম্পিয়ন্স লিগে সপ্তম হ্যাটট্রিকের সুবাদে প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও ছুঁয়ে ফেলেছেন সিআরস্যাভেন। রিয়ালের হয়ে চারশ গোলের রেকর্ডও হাতছানি দিচ্ছে রোনালদোকে। সেই রেকর্ড গড়তে রিয়ালের জার্সি গায়ে আরো করতে হবে একটি গোল।
৩-০ গোলের জয়ে ফাইনালের পথ অনেকটাই সহজ হলো জিদানের শিষ্যদের। অ্যাতলেটিকোর মাঠ ভিনসেন্তে ক্যালদেরনে সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা হবে ১১ মে।