আগস্টে টেস্ট সিরিজ আয়োজনে বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়া। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন সিএর নিরাপত্তা পরামর্শক শন ক্যারল। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া চাইলে নিরাপত্তা আরো জোরদার করা হবে।
২০১৫ সালে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিলো অস্ট্রেলিয়ার। তবে, নিরাপত্তার অজুহাতে সেই সিরিজ স্থগিত করেছিলো অজিরা। এরপর ২০১৬ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া। তবে, বাংলাদেশে নির্বিঘ্নেই খেলে গেছে ইংল্যান্ড। ওই সফরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখে অনেকটাই আশ্বস্ত হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আসছে জুলাই-আগষ্টে অস্ট্রেলিয়ার সঙ্গে স্থগিত সিরিজটা হতে পারে। তার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বাংলাদেশে এসেছেন অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক শন ক্যারল।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সফরের সময় অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।
আর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, বাংলাদেশে ক্রিকেট খেলতে কোনো সমস্যা নেই।
এদিকে, বাংলাদেশের সঙ্গে সিরিজ চলাকালীন সময়ে সফরকারী অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে নিরাপত্তা পরিকল্পনা ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ সফররত ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শক শন ক্যারল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শক শন ক্যারল বলেন, ‘গেল বছর ইংল্যান্ডকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিলো, তা সন্তোষজনক ছিলো। একই নিরাপত্তা অস্ট্রেলিয়াকেও দেওয়া হবে। তাছাড়া সিরিজ চলাকালীন সময়ে সামগ্রিক নিরাপত্তার বিষয় নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও বিসিবি একটি পূর্ণ রুটিন নিরাপত্তা পরিকল্পনা আমাদের দেবে।‘