ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ'র ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রান করে টাইগাররা। জবাবে ৪৭ ওভার ৩ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।
ডাবলিনে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করে টাইগাররা। ফিফটি তুলে নেন বাংলাদেশের তিন ব্যাটসম্যান। সৌম্য সরকারের ৬১, মুশফিকুর রহিমের ৫৫, মাহমুদুল্লাহ'র ৫১ ও মোসাদ্দেক হোসেনের ৪১ রানে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৫৭ রান করে বাংলাদেশ।
জবাব দিতে নেমে দেখেশুনে খেলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরাও। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচল রাখে কিউইরা। টম লাথামের ৫৪, নিল ব্রুমের ৪৮ ও জিমি নিশামের ৫২ রানে ভর করে ৪৭ ওভার ৩ বলে ৪ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ২ উইকেট ও ফিফটি তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন জিমি নিশাম।
আগামী শুক্রবার বাংলাদেশের পরবর্তী ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে।