ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার ঘটনায় ক্রীড়াঙ্গনের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে যুক্তরাজ্যকে। আগামী এক মাসে অন্যান্য খেলাসহ ক্রিকেট ও ফুটবলের বড় বড় ইভেন্ট আয়োজনের কথা ব্রিটেনের।
ফলে খেলোয়াড় ও সমর্থকদের স্বার্থে গুরুত্বপূর্ণ স্পোর্টস ইভেন্ট ও ভেন্যুগুলোতে নিরাপত্তা জোরদারের চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ।
সুইডেনে ম্যানচেস্টার ইউনাইটেড ও আয়াক্সের ইউরোপা লিগের ফাইনালে ম্যাচের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। শুক্রবার ম্যানচেস্টারে মাঠে গড়ানোর কথা দ্য গ্রেট সিটি গেমস। তবে দ্য গ্রেট সিটি রান হবে কি-না তা অনিশ্চিত। এ সপ্তাহেই ইএফএলের প্লে-অফ ও পিজিএ চ্যাম্পিয়নশিপের খেলা রয়েছে।
চেলসি-আর্সেনালের এফ এ কাপের ফাইনালটি শনিবার। এছাড়া ৩ জুন ওয়েলসের কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ-ইউভেন্টাসের ম্যাচের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, ক্রিকেটের স্পোর্টস ইভেন্টের সংখ্যাও কম নয় যুক্তরাজ্যে। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি ও নারী বিশ্বকাপে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে আইসিসি। দ্বিপক্ষীয় সিরিজের জন্য ইংল্যান্ডে অবস্থানরত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।