চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার জন্য শতভাগ ফিট নন বলে জানিয়েছেন গ্যারেথ বেইল। মাংসপেশীর চোট অনেকটাই সেরে ওঠায় ২৭ বছর বয়সী বেইলকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের স্কোয়াডে রেখেছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেও প্রস্তুত ওয়েলশ উইঙ্গার।
২৩ এপ্রিল এল-ক্লাসিকোর ম্যাচে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে রিয়াল মাদ্রিদ উইঙ্গার। ফলে মৌসুমে রিয়ালের শেষ আটটি ম্যাচ খেলতে পারেননি তিনি। এর মধ্যে মালাগার বিপক্ষে লা লিগার শিরোপার জয়ী ম্যাচেও দর্শক হয়ে ছিলেন বেইল। পুরোপুরি সুস্থ না হলেও, ক্যারিয়ারের তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিততে তৈরি সাবেক টটেনহাম তারকা।
২০১৪ সালে লিসবনে ফাইনালের অতিরিক্ত সময়ে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-১ ব্যবধানে হারানোয় রিয়াল মাদ্রিদের সহায়ক ছিল গ্যারেথ বেইলের গোল। ২০১৬ সালে মিলানেও স্পটকিক থেকে গোল করে অ্যাতলেটিদের বিপক্ষে ৫-৩ এর জয়ে ভূমিকা রেখেছিলেন তিনি।
এবারের ফাইনাল বসছে বেইলের নিজ শহর কার্ডিফে। রিয়াল মাদ্রিদ ও ইউভেন্টাসের শিরোপার লড়াই মাঠে গড়াবে ৪ জুন রাত পৌনে ১টায়।