পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের— উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে শক্তি বাড়াতে ইমরুল কায়েসকে একাদশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ। ইমরুলকে জায়গা দিতে ছিটকে পড়েছেন মেহেদী হাসান মিরাজ।
লন্ডনের কেনিংটন ওভালে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ।
লন্ডনের কেনিংটন ওভালে টসভাগ্যে হেরে যান মাশরাফি বিন মুর্তজা। স্বাগতিক দলনায়ক এউইন মরগ্যান টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। মাশরাফি জানিয়েছেন, টস জিতলে তিনিও ফিল্ডিং বেছে নিতেন।
এদিকে, ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে ওয়ানডে র্যা ঙ্কিংয়ের ৬ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। তবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারায় কিছুটা অস্বস্তিতে টাইগাররা।
ভারতের বিপক্ষে মাত্র ৮৪ রানে গুটিয়ে যাওয়ায় বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসে চিড় ধরতে পারে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টাইগার কোচ হাথুরুসিংহে বলেন, প্রস্তুতি ম্যাচের হারকে খুব একটা বড় করে দেখতে চান না তিনি। টুর্নামেন্টে ম্যাচ বাই ম্যাচ ভালো করার লক্ষ্য বাংলাদেশের।
আর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য লন্ডনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।