টানা ২ বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে ইতিহাস রচনা করলো রিয়াল মাদ্রিদ। কার্ডিফে ক্রিশ্চিয়ানো রোনালদোর ২ গোলে ইউভেন্টাসকে ৪-১ গোলে হারায় জিদানের দল। ইউভদের কাঁদিয়ে রেকর্ড ১২ বার ইউরোপের সেরা ক্লাব হওয়ার কৃতিত্ব দেখায় লস ব্লাঙ্কোসরা।
রিয়াল মাদ্রিদের সমতুল্য কোনো ক্লাব নেই। নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কোনো ফুটবলারও। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্টাসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে সেটাই প্রমাণ করলো জিদানের দল। যা কেউ করতে পারেনি তাই করে দেখিয়েছেন রোনালদোরা। প্রথম দল হিসেবে পরপর দুবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে রিয়াল মাদ্রিদ।
কার্ডিফের ফাইনাল ম্যাচে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুটি গোল করে ক্লাব ও জাতীয় দলের হয়ে ছয়শ গোলের মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ উইঙ্গার। খেলার বিশ মিনিটে ড্যানি কারভাহালের পাসকে গোলে পরিণত করেন তিনি। একমাত্র ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ভিন্ন তিনটি ফাইনালে গোলের রেকর্ড গড়েন সিআরস্যাভেন।
পুরো টুর্নামেন্টে অপ্রতিরোধ্য ইউভেন্টাস রিয়ালকে সহজে জিততে দেবে না, এমনটাই প্রত্যাশা ছিল ফুটবলপ্রেমীদের। মারিও মানজুকিচের গোলে ম্যাচে সমতা আসলে জমজমাট লড়াই হবে বলেই মনে হচ্ছিল।
তবে বিরতির পর ইউভেন্টাসের লড়াকু মনোভাব আর চোখে পড়েনি। ক্যাসেমিরোর শটে পিছিয়ে পড়ার, তিন মিনিটের মধ্যে রোনালদোর দ্বিতীয় গোলে জয়ের আশা ফিকে হয়ে যায় ইতালিয়ান চ্যাম্পিয়নদের।
ইউভেন্টাসের যন্ত্রণা বাড়াতেই যেন সার্জিও রামোসের সঙ্গে বিবাদে জড়ানো হুয়ান কুয়ার্দাদোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি।
১০ জনের ইউভদের বিপক্ষে রিয়ালের শেষ গোলটি করেছেন মার্কো আসেনসিও। টুর্নামেন্টে আগের এগারো ম্যাচে মাত্র তিনটি গোল হজম করেছিলেন জিয়ানলুইজি বুফন। কার্ডিফে এক ম্যাচেই সেই কীর্তি ভেস্তে গেল চারটি গোল হজম করে।
শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়েন রোনালদো। কেঁদেছেন বুফনরাও। দবে দুই দলের কান্নার কারণ ভিন্ন। রিয়াল মাদ্রিদের এই সাফল্যে অন্য সব কোচদের পেছনে ফেলেছেন জিনেদিন জিদান। প্রথম ম্যানেজার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ যুগে টানা দুইবার ট্রফি জিতলেন তিনি। আগেই লা লিগার শিরোপা ঘরে তোলায় ‘ডবলস’ জিতেই মৌসুম শেষ করলেন রিয়াল কোচ।