‘বি’ গ্রুপের লড়াই জমিয়ে তুললো বৃষ্টি ও পাকিস্তান। বার্মিংহামের এজবাস্টনে বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে মিকি আর্থারের শিষ্যরা।
প্রোটিয়াদের দেয়া ২২০ রানের টার্গেটের জবাবে ২৭ ওভারে ৩ উইকেটে ১১৯ রান করেন বাবর আজমরা। এরপর বৃষ্টির বাধায় খেলা বন্ধ হলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়ী হয় পাকিস্তান।
দলীয় ৪০ রানে প্রোটিয়া ওপেনার হাশিম আমলাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ইমাদ ওয়াসিম। কুইন্টন ডি কক'কে ফেরান মোহাম্মদ হাফিজ। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার কোনো রান করার আগেই বিদায় নেন ডি ভিলিয়ার্স। ১১৮ রানে টপ অর্ডারের ছয় ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা।
শেষদিকে ডেভিড মিলারের ৭৫ রানে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২১৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে অষ্টম ওভারে পরপর দুই ওপেনারের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। হাফিজও বিদায় নেন ২৬ রান করে।
তবে হিসেবি ব্যাটিংয়ে রানরেট বাড়িয়ে নেন শোয়েব মালিক ও বাবর আজম। বৃষ্টি নামার পর খেলা আর শুরু না হলে, ডিএল মেথডে ১৯ রানে জিতে যায় পাকিস্তান।