আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 'এ' গ্রুপে অস্ট্রেলিয়াকে ডিএল মেথডে ৪০ রানে হারিয়েছে ইংল্যান্ড।
অজিদের দেয়া ২৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪০ ওভার ২ বলে ২৪০ রান করে ইংলিশরা। এরপর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা।
এজবাস্টনের বার্মিংহামে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের ৬৮, স্টিভেন স্মিথের ৫৬ ও ট্রেভিস হেডের ৭১ রানে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৭৭ রান করে অজিরা।
মার্ক উড ও আদিল রশিদ দুজনেই নেন চারটি করে উইকেট। জবাব দিতে নেমে ৩৫ রানে জেসন রয়, অ্যালেক্স হলস ও জো রুটের উইকেট হারিয়ে কিছুটা পড়ে ইংল্যান্ড।
তবে, স্টোকস ও মরগানের ব্যাটে বিপর্যয় সামলে নেয় তারা। চতুর্থ উইকেটে এই দুজনে মিলে যোগ করেন ১৫৯ রান। মরগান ৮৭ রানে বিদায় নিলেও স্টোকস তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় শতক।
ইংল্যান্ডের সংগ্রহ যখন ৪০ ওভার ২ বলে ৪ উইকেটে ২৪০ রান তখন বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। ডিএল মেথডে ৪০ রানের জয় পায় ইংল্যান্ড।