আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বি-গ্রুপে ডু অর ডাই ম্যাচে রোববার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ভারত। যে দল জিতবে তারা চলে যাবে সেমিফাইনালে আর যারা হারবে তারা বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। লন্ডনের ওভালে খেলা শুরু হয় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
টুর্নামেন্টের শুরুতে ভারত ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে যাবে বলেই মনে হচ্ছিল। নিজেদের প্রথম দুই ম্যাচে দুই দল জিতেছিলো ফেভারিটের মতোই।
তবে দ্বিতীয় ম্যাচে প্রোটিয়ারা পাকিস্তানের কাছে আর কোহলিরা শ্রীলঙ্কার কাছে হারায় পাল্টে গেছে সব হিসেব-নিকেশ। হঠাৎ জমে উঠেছে বি-গ্রুপের লড়াই। গ্রুপের ৪টি দলেরই এখন সমান দুই পয়েন্ট। ফলে ভারত অথবা দক্ষিণ আফ্রিকার মধ্যে যে কোনো একটি দলের বিদায় প্রায় নিশ্চিত।
অবশ্য বৃষ্টি বাধ সাধলে এ হিসেবও পাল্টে যাবে। সেক্ষেত্রে পরদিন শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে কী হয় তার অপেক্ষায় থাকতে হবে সবাইকে।