ঠিক হয়ে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লাইন-আপ।
আগামী ১৪ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে পাকিস্তান খেলবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। আর ১৫ জুন বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ মোকাবেলা করবে ভারতের সঙ্গে। দুটি ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
বিস্ময় আর চমকে ঠিক হলো চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে কারা খেলবে। ফেভারিট ইংল্যান্ড ও ভারতের সঙ্গে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। সেমিফাইনালের চারটি দলের তিনটিই এশিয়ার। ফলে অল-এশিয়ান ফাইনালের স্বপ্নও দেখছেন এশিয়ার ক্রিকেটপাগলরা।
কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বুধবার প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মোকাবেলা পাকিস্তানের সঙ্গে। নিজেদের মাটি বলেই ইংলিশরা ফেভারিট টুর্নামেন্ট শুরুর আগে থেকেই তা বলে আসছিলেন সাবেক তারকা ক্রিকেটাররা হয়েছেও তা-ই।
বি-গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছে ইংল্যান্ড। নিজেদের শক্তির জানান দেয়ার পাশাপাশি অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের সেমিফাইনালে খেলাও চূড়ান্ত করেছেন স্টোকস-মরগ্যানরা।
পাকিস্তান সেমিফাইনালে উঠেছে 'বি' গ্রুপের রানার্সআপ হয়ে। ইংলিশরা যেখানে টুর্নামেন্টে নিজেদের তিনটি ম্যাচেই অপরাজিত সেখানে প্রথম ম্যাচে ভারতের কাছে লজ্জার হারের পর পরের দুটি ম্যাচ জিতে শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল। লড়াই বর্তমানে এশিয়ার সেরা দুই দল ভারত ও বাংলাদেশের মধ্যে। ফেভারিটের তকমা নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন কোহলিরা। কিন্তু সেমিফাইনালের টিকেট পেতে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে টিম ইন্ডিয়ার।
আর নিজেদের প্রমাণ করার পাশাপাশি ভাগ্যদেবীর আশীর্বাদে প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ দল। বৃষ্টির সহায়তায় অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর নিউজিল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে আবারো নিজেদের জাত চিনিয়েছেন সাকিব-মাহমুদুল্লাহরা।
তবে দুদলের জন্যই চিন্তার বিষয় শেষ চারের এই লড়াইটির ভেন্যু বার্মিংহামের এজবাস্টন। গ্রুপপর্বে এই মাঠে হওয়া চার ম্যাচের চারটিতেই যে হানা দিয়েছে বৃষ্টি। যার মধ্যে একটি ম্যাচের ফলাফলই আসেনি। অন্য তিনটি ম্যাচে ফল নির্ধারণ হয়েছে বৃষ্টি আইনে। বাংলাদেশ-ভারত ম্যাচেও তাই গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যেতে পারে। চারটি ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।