লন্ডনে শুরু হয়েছে ‘আইসিসি অ্যানুয়াল কনফারেন্স উইক’ আর এতে অংশ নিতে বিশ্বের সব ক্রিকেট বোর্ড প্রধানসহ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। যা শেষ হবে ২৩ জুন বার্ষিক সাধারণ সভা দিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন অংশ নিয়েছেন ‘আইসিসি অ্যানুয়াল কনফারেন্স উইক’-এ।
সভায় আইসিসি'র আর্থিক ও পরিচালনা কাঠামোর নতুন প্রস্তাব নিয়ে বাংলাদেশের আগ্রহ বেশি। কেননা আইসিসি থেকে বিসিবি আট বছরে পাওয়ার কথা ৭৬ মিলিয়ন ডলার। নতুন অর্থ কাঠামো প্রস্তাবটি পাস হলে তা বেড়ে দাঁড়াবে ১৩২ মিলিয়ন ডলার। অর্থ্যাৎ বছরে ৯ মিলিয়নের পরিবর্তে আসবে ১৬ মিলিয়ন ডলারের চেয়েও বেশি।
এছাড়া ২০১৯ সাল পর্যন্ত ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ নেই বাংলাদেশের। আইসিসি'র বোর্ড সভার বাইরে বিসিসিআই ও ইসিবিকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব দেবে বিসিবি।
এছাড়াও আগামী বছর ঢাকায় ত্রিদেশীয় সিরিজ আয়োজন নিয়ে আলোচনার পাশাপাশি এ'দলের সফর নিয়েও আলোচনা হওয়া কথা রয়েছে আইসিসি'র বার্ষিক সাধারণ সভায়।