অসদাচরণের শাস্তি হিসেবে ক্রিকেটারদের মাঠের বাইরে পাঠানোর ক্ষমতা পাচ্ছেন আম্পায়াররা।
আগামী ১ অক্টোবর থেকেই চালু হবে এই নিয়ম— এরকম বেশ কয়েকটি নতুন নিয়ম অনুমোদিত হয়েছে লন্ডনে সদ্য সমাপ্ত আইসিসির প্রধান নির্বাহীদের সভায়।
গত মাসে ক্রিকেট কমিটি কয়েকটি নতুন নিয়ম চালুর প্রস্তাব দিয়েছিলো। যেগুলো পাস হয়েছে আইসিসির সভায়।
আগামী ১ অক্টোবর থেকে ফুটবল ও হকির মতো অসদাচরণ বা বিশৃঙ্খলার কারণে ক্রিকেটারদেরও মাঠ থেকে বের করে দিতে পারবেন আম্পায়াররা।
এদিকে, নির্ধারণ করে দেয়া হয়েছে ক্রিকেট ব্যাটের মাপ। ব্যাটের সর্বোচ্চ প্রস্থ হবে ১০৮ মিলিমিটার, পুরুত্ব ৬৭ মিলিমিটার ও কানা ৪০ মিলিমিটার। পরিবর্তন এসেছে রান আউটের নিয়মেও। কোনো ব্যাটসম্যান একবার ক্রিজের মধ্যে ঢোকার পর তার ব্যাট বা পুরো শরীর হাওয়াতে ভাসলেও তিনি আর আউট হবেন না।
অন্যদিকে, রিভিউ পদ্ধতি চালু হবে টি-টোয়েন্টি ফরম্যাটেও আর নতুন নিয়মে আম্পায়ার্স কল বহাল থাকলেও নষ্ট হবে না রিভিউ।