ফিফা কনফেডারেশন্স কাপের ফাইনাল আজ (রোববার)। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মোকাবেলা হবে লাতিন আমেরিকার সেরা দেশ চিলির সঙ্গে। রাত বারোটায় শুরু হবে খেলা। এর আগে সন্ধ্যা ছয়টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে মেক্সিকো ও পর্তুগাল।
ওজিল, নয়্যারের মতো খেলোয়াড়দের বিশ্রামে রেখে তুলনামূলক অনভিজ্ঞ দল সাজিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী কোচ ইয়োআকিম লো। গুরুকে হতাশ করেননি তরুণ শিষ্যরা। টুর্নামেন্টে সেরা গোলদাতা হওয়ার দৌঁড়ে আছেন তিন জার্মান-টিমো ওয়ের্নার, লিঁও গোরেজকা ও লার্স স্টিন্ডল।
আর ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির গল্পটা ধারাবাহিক উন্নতির। সেমিফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের তিনটি পেনাল্টি শট ঠেকিয়ে দেওয়া বার্সেলোনা গোলকীপার ক্লদিও ব্রাভোর উপস্থিতিই চিলিয়ানদের আত্মবিশ্বাস যোগাচ্ছে অনেকটা।
এছাড়াও আছেন অ্যালেক্সিস সানচেজ, আরতুরো ভিদালের মতো ফুটবলার। এর আগে ফুটবলের কোনো ফাইনাল ম্যাচে দেখা হয়নি জার্মানি-চিলির। টুর্নামেন্টের গ্রুপ পর্বের লড়াই অমীমাংসিত ছিল ১-১ গোলে।