বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ এখনো চলছে। সোমবার পর্যন্ত কোনো সমঝোতা হয়নি দুই পক্ষের মধ্যে।
উল্টো ইংলিশ কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলার সুযোগ পেয়ে টুইটারে নতুন কাজ পাওয়ার আনন্দের কথা শেয়ার করেছেন অজি ব্যাটসম্যান অ্যারোন ফিঞ্চ। আর ফিঞ্চকে অভিনন্দন জানিয়েছেন চাকরিহীন সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড সাফ জানিয়ে দিয়েছেন, বোর্ড ও ক্রিকেটারদের দ্বন্দ মেটাতে তিনি মধ্যস্থতা করবেন না। এর আগে ৩০ জুন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবিত নতুন চুক্তিতে সই করার শেষদিন পেরিয়ে গেলেও বোর্ডের প্রস্তাবে রাজি হননি ওয়ার্নার-স্মিথরা।
ফলে ১ জুলাই থেকে বেকার হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় ও ঘরোয়া ক্রিকেটের প্রায় ২৩০ জন শীর্ষ ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলের সদস্যরাও রয়েছেন। ফলে অনিশ্চয়তা কাটছে না অজিদের বাংলাদেশ সফর নিয়ে।