বোর্ডের সঙ্গে সমঝোতা না হওয়ায় দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করলো অস্ট্রেলিয়া ‘এ’ দল। ফলে বাংলাদেশ সিরিজসহ অজিদের আসন্ন অন্য সিরিজগুলোর অনিশ্চয়তাও বাড়লো আরেকটু।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে দীর্ঘদিনের ঝামেলার না মেটায় এমন সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। ব্রিসবেনে অনুশীলনে যোগ দিলেও আগেই সফর বাতিলের হুমকি দিয়েছিলেন অস্ট্রেলিয়া এ দলের অধিনায়ক উসমান খাজা। ২৩০ ক্রিকেটারের বেকার হয়ে যাওয়ার ঘটনা না মিটলে সফরে যাবেন না বলে গণমাধ্যমের সামনে আগেই জানিয়েছিলেন তিনি।
প্রায় দুই দশক ধরে চলমান রেভেনিউ শেয়ারিং মডেল বাতিল করার কারণে মূলত বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব ক্রিকেটারদের। বেতন-ভাতার নতুন চুক্তি সব ক্রিকেটারের স্বার্থ রক্ষা করবে না বলে ধারণা অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের।
চুক্তি নবায়ন না করায় তাই ১ জুলাই থেকে বেকার হয়ে পড়েছেন জাতীয় দলসহ অস্ট্রেলিয়ার দুইশোর বেশি ক্রিকেটার।