উইম্বলডন টেনিসের পুরুষ এককের সেমিফাইনালে উঠলেন রজার ফেদেরার। তবে বিদায় নিয়েছেন দুই সাবেক চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারে।
গত বছরের রানার-আপ মিলোস রাওনিচকে হারিয়ে উইম্বলডনের অষ্টম শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগোলেন ফেদেরার।
সেন্টার কোর্টে সুইস তারকা জিতেছেন ৬-৪, ৬-২, ৭-৬ গেমে। এটি উইম্বলডনে মেন্স সিঙ্গলসে ফেদেরারের শততম জয়।
এ জয়ে রেকর্ড বারো বার উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন ফেড-এক্সপ্রেস। ৩৫ বছর বয়সী ফেদেরার জিতলেও জকোভিচ ও মারে শেষ চারে জায়গা করতে পারেননি।
চোটের কারণে টমাস বার্ডিচের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি পুরোটা না খেলেই সরে দাঁড়ান সার্ব তারকা জকোভিচ।
আর যুক্তরাষ্ট্রের স্যাম কোয়েরির কাছে পাঁচ সেটের ম্যাচ হেরে বাদ পড়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মারে। শুক্রবার শেষ চারের মারিন সিলিচ-স্যাম কোয়েরির, আর রজার ফেদেরার-টমাস বার্ডিচের মোকাবেলা করবেন।