উইম্বলডন টেনিসে নারী এককের ফাইনালে উঠলেন গারবিন মুগুরুজা ও ভেনাস উইলিয়ামস।
শনিবার ১৫ জুলাই সন্ধ্যা ৭টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
এদিকে, পুরুষ এককের সেমিফাইনালে স্যাম কোয়েরি-মারিন সিলিচ ও রজার ফেদেরার-টমাস বার্ডিচের মোকাবেলা হবে আজ।
মাতৃত্বকালীন ছুটির কারণে সেরেনা উইলিয়ামস এবারের উইম্বলডনে অংশ নিতে না পারলেও ফাইনালে পৌঁছে গেছেন তার বড় বোন ভেনাস।
৩৭ বছর বয়সেও ফিটনেস ধরে রেখে দারুণ খেলে যাচ্ছেন উইলিয়ামস কন্যা। পাঁচ বারের উইম্বলডনজয়ী ভেনাস, ব্রিটিশ নাম্বার ওয়ান ইয়োহানা কন্তাকে ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন সেমিফাইনালে।
ফাইনালে ভেনাসের প্রতিপক্ষ স্পেনের গারবিন মুগুরুজা। এই স্প্যানিশ তারকা আছেন ফর্মের তুঙ্গে।
স্লোভাকিয়ার ম্যাগডেলেনা রিবারিকোভাকে সেমিফাইনালে ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন তিনি। ২০১৫ সালে উইম্বলডনের ফাইনালে উঠেও সেরেনা উইলিয়ামসের কাছে হেরে রানার-আপ হয়েছিলেন মুগুরুজা।
দ্বিতীয়বার টুর্নামেন্টের ফাইনালে উঠে এবার সেরেনার বড় বোন ভেনাসকে প্রতিপক্ষ হিসেবে পেলেন স্প্যানিশ তারকা।