ঘরের মাঠেই দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানাবুদ হয়েছে ইংল্যান্ড।
ট্রেন্ট ব্রিজ টেস্টে চার দিনেই ইংলিশদের ৩৪০ রানে হারিয়েছে প্রোটিয়ারা। এ জয়ে চার টেস্টের সিরিজে এখন ১-১ এ সমতা।
আমাগী ২৭ জুলাই লন্ডনের কেনিংটন ওভালে শুরু হবে তৃতীয় টেস্ট।
নটিংহামে তৃতীয় দিনশেষে ৪৭৪ রানের পাহাড়সম লক্ষ্যই ইংলিশদের হারের পূর্বাভাস দিয়েছিল। বিনা উইকেটে এক রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে আলাদা কিছু দেখাতে পারেননি ক্যাপ্টেন জো রুট ও তার সতীর্থরা।
অ্যালিস্টার কুকের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪২ রান। এছাড়া ২৭ রান করেন মঈন আলী। প্রোটিয়া বোলারদের শিকার হতেই যেন ক্রিজে নেমেছিলেন অন্যরা।
বেয়ারস্টো-স্টোকস কেউই লড়াই করতে পারেননি। আগের দিন চার ওভার ব্যাটিং করা দলটি ১৩৩ রানে অলআউট হয় চুয়াল্লিশ ওভার দুই বল খেলেই। ভারনন ফিল্যান্ডার ও কেশভ মাহারাজ তিনটি করে উইকেট নেন।
এর আগে দক্ষিণ আফ্রিকার ৩৩৫ রানের জবাবে প্রথম ইনিংসে ২০৫ রান করেছিল ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ৩৪৩ রানের বিশাল স্কোর গড়েছিল প্রোটিয়ারা।