আরো দুই বছর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসির ম্যানেজার হিসেবেই থাকছেন অ্যান্তোনিও কন্তে।
এদিকে, এ মৌসুমের জন্য লোনে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের হয়ে খেলবেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক জো হার্ট।
আগে থেকেই চেলসির সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ ছিলেন কন্তে। ২০১৬ সালে করা এ চুক্তির মেয়াদ না বাড়ালেও কিছু শর্ত ও সুযোগ-সুবিধা পরিবর্তন করা হয়েছে দুপক্ষের মধ্যে। গত মৌসুমে প্রথমবার ব্লুজদের কোচ হয়েই, দলকে ইপিএলের ট্রফি এনে দেন এই ইতালিয়ান কোচ।
এদিকে, গত মৌসুমে ইতালির ক্লাব তুরিনে লোনে খেলার পর এবার ওয়েস্টহ্যামের হয়েও লোনে খেলতে যাচ্ছেন জো হার্ট।
মৌসুম শেষে হার্টকে দলে রেখে দিতে চাইলে ম্যানসিটির সঙ্গে নতুন করে দরদাম করতে হবে হ্যামারদের।
স্টোক সিটির অস্ট্রিয়ান ফরওয়ার্ড মার্কো আর্নোটোভিচকেও ২৪ মিলিয়ন ইউরোতে দলে নিয়েছে ওয়েস্টহ্যাম। এছাড়া দশ বছর লিভারপুলে খেলার পর, ৫ মিলিয়ন ইউরোতে ইতালিয়ান ক্লাব লাজ্জিওতে যোগ দিয়েছেন মিডফিল্ডার লুকাস লেইভা।