ইউরো নারী চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় জয় পেল স্বাগতিক নেদারল্যান্ডস।
রটারডমে ডেনমার্কের বিপক্ষে ডাচরা জিতেছে ১-০ গোলে। আরেক ম্যাচে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরেছে নরওয়ে। বিস্ময়কর এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে দুবারের চ্যাম্পিয়নরা।
এ-গ্রুপের ম্যাচে শেরিডা স্পিটসির ২১তম আন্তর্জাতিক গোলে জিতেছে নেদারল্যান্ডস। ডেনিশদের ডি-বক্সে ড্যানিয়েলে ফন দে ডঙ্ক ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ডাচরা। সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে নেন স্পিটসি।
নেদারল্যান্ডসের আর্সেনাল গোলরক্ষক সারি ফন ভীনেন্দাল অন্তত দুটি নিশ্চিত গোল ঠেকিয়ে বাঁচিয়েছেন ডাচদের।
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ড্র করলেই নক-আউটে খেলার টিকেট পাবে নেদারল্যান্ডস।
এদিকে এলকে ফন হর্প ও জেনিস কেইম্যানের গোলে বেলজিয়ানদের কাছে হেরেছে নরওয়ে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছেও হেরেছিল তারা। ফলে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ডেনমার্ককে হারাতেই হবে নরওয়েজিয়ানদের।