ইউরো নারী চ্যাম্পিয়নশিপ থেকে ইতালিকে বিদায় করে দিয়েছে জার্মানি।
ইতালিয়ানদের ২-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে রাশিয়াকে ২-০গোলে হারিয়ে বি-গ্রুপের শীর্ষস্থান দখল করেছে সুইডেন।
জার্মানির জোসেফিন হেনিংসের প্রথমার্ধের গোলে পিছিয়ে পড়লেও স্ট্রাইকার ইলারিয়া মাওরোর নৈপূণ্যে খেলায় ফিরেছিল ইতালি। কিন্তু একাধিক চেষ্টা করেও আর গোল পায়নি আজ্জুরি মেয়েরা।
জার্মান কিপার লওরা জিউলিয়ানির কল্যাণে বেঁচে যায় জার্মানরা। এর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন ইতালির এলিসা বার্তোলি। আর ব্যাবেট পিটারের জয়সূচক গোলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ইতালিয়ানরা।
আরেক ম্যাচে, ক্যাপ্টেন লোটা শেলিন ও স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসের গোলে বি-গ্রুপের শীর্ষ উঠেছে সুইডিশরা। এর ফলে নক-আউটে খেলতে গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ড্র করলেই চলবে জার্মানি ও সুইডেনের।