শ্রীলঙ্কার বোলিং কোচ হলেন চামিন্দা ভাস—ভারতের বিপক্ষে হোম সিরিজে জাতীয় দলের বোলিং বিভাগের দায়িত্বে থাকবেন সাবেক এ লঙ্কান ফাস্টবোলার।
জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার পর চাম্পাকা রামানায়েকে ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারত সিরিজের আগে পদ ছেড়ে দেয়ায় ভাসকে বোলিং কোচ হিসেবে বেছে নিয়েছে লঙ্কান বোর্ড।
জাতীয় দলের সাথে কাজ করবেন ভাস। সেই সাথে দেশের ফাস্ট বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের গড়ে তোলার কাজও করবেন। এর আগেও জাতীয় দলের সাথে ছিলেন ভাস। ১৫ মাস আগে তার চুক্তি শেষ হয়। এরপর এবার শ্রীলঙ্কার ক্রিকেট উপদেষ্টা অরবিন্দ ডি সিলভার উদ্যোগে ফেরানো হলো তাকে।
২০১৩ সালের শুরুতে শ্রীলঙ্কার জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ শুরু করেন ভাস। ২০১৫ সালের এপ্রিলে চুক্তি শেষ হয়। তারপর আর চুক্তি নবায়ন হয়নি। ডি সিলভা বলেছেন, তাদের সাথে কাজ করতে উদগ্রীব ভাস। তারাও মানেন, ভাসকে ফেরালে দেশের লাভ হবে।
৪২ বছরের ভাস ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান। শেষ তিনি কাজ করেছেন এপ্রিলের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বোলিং উপদেষ্টা হিসেবে। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার এই বাঁ হাতি বোলারের। ১১১ টেস্টে ৩৫৫ উইকেট নিয়েছিলেন। দেশটির দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ওয়ানডেতেও লঙ্কানদের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক উইকেট তার। ৩২১ ম্যাচে নিয়েছিলেন ৩৯৯ উইকেট।