অস্ট্রেলিয়ার বোর্ড ও ক্রিকেটারদের দ্বন্দ্বে ঘোর অনিশ্চয়তায় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দুই ম্যাচ টেস্ট সিরিজ। তবে সিরিজ আয়োজনের সব প্রস্তুতি চলছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে দেখতে বাংলাদেশে এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল।
এদিকে, সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ১০ আগস্ট অনুশীলন ক্যাম্পে যোগ দিচ্ছেন। কিন্তু অজি বোর্ড দাবি না মানলে তারা বাংলাদেশ সফর বয়কট করবেন। ১৮ আগস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা আসার কথা রয়েছে স্মিথবাহিনীর।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর এখনও অনিশ্চয়তায়। এর মধ্যেই দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের সব রুটিন ওয়ার্ক চলছে। তারই অংশ হিসেবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পাঁচ সদস্যের নিরাপত্তা দল বাংলাদেশ সফর করছেন।
মঙ্গলবার সকালে পুলিশ সদরদপ্তরে তারা বৈঠক করেছেন বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শকের সঙ্গে। প্রায় এক ঘণ্টার আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান শন ক্যারল।
তিনি বলেন, বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের পুরো ধারনা আছে। সিরিজ শুরুর আগে রুটিন ওয়ার্কের অংশ হিসেবেই আমাদের আসা। অস্ট্রেলিয়ার বোর্ডর সঙ্গে খেলোয়াড়দের ঝামেলা মিটে গেলে আশা করি খুব ভালো একটি সফর হবে এটি।
এদিকে, সিরিজ আয়োজনে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ পুলিশের অ্যাসিসটেন্ট ইনসপেক্টর জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান।
পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যায়। সেখানে মীরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মাঠ গ্যালারি, ড্রেসিংরুম ও বিভিন্ন লাউঞ্জসহ অন্যান্য স্থানগুলো পরিদর্শন করেন তারা।
বুধবার আরেকটি টেস্ট ভেন্যু চট্টগ্রামে জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শনে যাবেন।
এদিকে, বাংলাদেশ সিরিজের জন্য ১০ আগস্ট অনুশীলন ক্যাম্পে যোগ দিবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারা। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দাবি না মানলে অজি ক্রিকেটাররা বাংলাদেশ সফর বয়কট করবেন। খেলোয়াড়দের সংগঠন - অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভায় সিনিয়র খেলোয়াড়দের ভোটাভুটিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিরিজের ব্যাপারে এখনও আশাবাদী।