নারী ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠলো ইংল্যান্ড। পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে ইংলিশরা। আরেক ম্যাচে স্পেনের বিপক্ষে ১-০ গোলে জিতেও শেষ আটে পৌঁছাতে পারেনি গ্রেট ব্রিটেনের আরেক দল স্কটল্যান্ড। কোয়ার্টারে ইংল্যান্ড ফ্রান্সের সঙ্গে আর স্পেন লড়বে অস্ট্রিয়ার বিপক্ষে।
ডি-গ্রুপের শীর্ষস্থান দখল করে কোয়ার্টারের টিকেট কাটলেও দাপট দেখাতে পারেনি ইংলিশ মেয়েরা। নিজেদের শেষ গ্রুপ ম্যাচে টোনি ডুগানের ২৫ গজ দূর থেকে নেয়া শটে লিড পায় তারা। ইংল্যান্ডের জার্সি গায়ে এটি ছিল ডুগানের পঞ্চাশতম ম্যাচ। কিন্তু ইংলিশ ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে দ্রুত সমতায় ফেরে পর্তুগালের মেয়েরা। টুর্নামেন্টে র্যাং কিংয়ে সবচেয়ে নিচের দলটির হয়ে গোল করেন ক্যারোলিন মেন্ডিস।
বিরতির আগে আর সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই নিকিতা প্যারিসের নৈপুণ্যে জয় নিশ্চিত করে ইংলিশরা। আরেক ম্যাচে স্কটিশ গোলরক্ষক জেমা ফে অসাধারণ দুটি সেইভ করেন স্পেনের বিপক্ষে।
আর গোল করে জয় এনে দেন ক্যারোলিন ওয়্যাআর। তবে শেষ আটে যেতে জিততে হতো দুই গোলের ব্যবধানে। সেটা করতে পারেনি স্কটিশ মেয়েরা।