চার দিনেই শেষ হলো গলটেস্ট— ভারতের কাছে নাস্তানাবুদ হলো শ্রীলঙ্কা।
কোহলি বাহিনীর কাছে ৩০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। বিদেশের মাটিতে এটি ভারতের রানের দিক থেকে সবচেয়ে বড় ব্যবধানের জয়। ম্যাচসেরা হন শিখর ধাওয়ান। আর শচীন টেন্ডুলকারকে টপকে ভারতের অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে দ্রুততম এক হাজার রান করেন ভিরাট কোহলি।
৩ উইকেটে ১৮৯ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ক্যাপ্টেন কোহলির শতকে লিড আরো বাড়িয়ে নেয় ভারত। তার ১০৩ রানের সুবাদে, ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারিরা। ৫৫০ রানের প্রায় অসম্ভব টার্গেটে ব্যাট করতে নেমে অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে ২৪৫ রানেই আট উইকেট হারায় লঙ্কানরা।
রিটায়ার্ড হার্ট হয়ে ব্যাটিংয়ে নামেননি শ্রীলঙ্কার শেষের দুই ব্যাটসম্যান। ৩০৪ রানে জিতে যায় ভারত। তিনটি করে উইকেট নেন অশ্বিন ও জাদেজা। গলে প্রথম ইনিংসে ভারতের ৬০০ রানের জবাবে ২৯১ রান করেছিল শ্রীলঙ্কা। কিন্তু লঙ্কানদের ফলো-অনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেন কোহলিরা।