সামার হিট ক্যারম ২০১৭'তে পুরুষ বিভাগে হেমায়েত মোল্লা ও নারী বিভাগে আফসানা নাসরিন চ্যাম্পিয়ন হয়েছেন। সমাপনী দিনে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। দুই দিনের টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল দেশটিভি।
মাওলানা ভাসানী স্টেডিয়ামে, টুর্নামেন্টের তৃতীয় আসরে নারী এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখেন জাতীয় দলের ও বিশ্ব র্যাং কিংয়ের নবম খেলোয়াড় আফসানা। সিউলে ক্যারম বিশ্বকাপের প্রস্তুতির এই টুর্নামেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেন ফারাহানা নাসরিন ও সাবরিনা আক্তার। দীর্ঘদিন ধরেই নারী এককের প্রথম তিনটি স্থান ভাগাভাগি করে নিচ্ছেন এই তিন খেলোয়াড়।
এদিকে, গতবার রানার্স-আপ হলেও, এবার পুরুষ এককের সেরা স্থানটি দখল করেছেন জাতীয় দলের ও বিশ্ব র্যাং কিংয়ের সপ্তম খেলোয়াড় হেমায়েত মোল্লা আর আগের বারের চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী রবিন হয়েছেন রানার-আপ। এছাড়া তৃতীয় হয়েছেন সানোয়ার হোসেন।
এবারের সামার-হিট ক্যারম টুর্নামেন্টে ৪০ জন খেলোয়াড় অংশ নেন। এর মধ্যে ৩২ জন পুরুষ ও ৮ জন নারী খেলোয়াড় ছিলেন।