ফ্রান্সকে রুখে দিয়ে ইউরো নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড।
তবে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ফেভারটি জার্মানি ও স্পেন। জার্মানরা ডেনমার্কের কাছে আর অস্ট্রিয়ার কাছে টাইব্রেকে হেরেছে স্প্যানিশরা।
ডেভেন্টারে ফরাসিদের বিপক্ষে ৪৩ বছর পর জিতেছে ইংলিশ মেয়েরা। এর আগের তিনটি বড় প্রতিযোগিতায় ফ্রান্সের কাছেই হেরেছিল ইংল্যান্ড। তবে এবার আর সেই ভুল হতে দেননি স্ট্রাইকার জোডি টেইলর।
দ্বিতীয়ার্ধে করা টেইলরের একমাত্র গোলে জয় পায় ইংলিশরা।
এদিকে, শেষ ছয়বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে ডেনিশ মেয়েরা।
ইসাবেল কার্সচাওস্কির গোলে শুরুতে লিড নিয়েও জিততে পারেনি জার্মানরা। নাদিয়া নাদিম ও থেরেসা নেলসনের হেডারে জয় তুলে নেয় ডেনিশরা।
এছাড়া নিজেদের প্রথম ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে এসেই শেষ চারে জায়গা করে নিয়েছে অস্ট্রিয়ানরা।
নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর পেনাল্টি শ্যুট আউটে স্পেনের বিপক্ষে ৫-৩ গোলে জিতেছে অস্ট্রিয়ার মেয়েরা।