ভারতীয় বোর্ডের বিপক্ষে মামলা লড়তে একশ কোটি রুপি নিয়ে নামছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত দ্বিপক্ষীয় সিরিজ না খেলার কারণে পাকিস্তানের আর্থিক ক্ষতির বিষয়েই এই মামলা করতে যাচ্ছে পিসিবি।
ভারতের বিপক্ষে অনেকদিন ধরেই সমঝোতা স্মারক ভঙ্গের অভিযোগ করে আসছে পাকিস্তান। ২০১৪ সালে দুদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ছয়টি সিরিজ খেলার চুক্তি হয়েছিল।
তবে দুদেশের রাজনৈতিক সম্পর্কে অবনতি হওয়ায় সেই চুক্তি মানা হয়নি। পাকিস্তানের দল পাঠাতে সরকারের অনুমতি লাগবে বলে জানায় বিসিসিআই। ভারত সরকারও ক্রিকেটারদের পাকিস্তানে পাঠাতে আগ্রহী না। পাকিস্তানের মাটিতে বা নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তানের সঙ্গে খেলতে চায় না ভারত।
ফলে ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে পিসিবির আয়োজনে ৪টি সিরিজ অনিশ্চয়তায় পড়েছে। এ জন্য বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান বোর্ড। ক্ষতিপূরণ চেয়ে বিসিসিআইয়ের কাছে চিঠি পাঠিয়ে জবাব পায়নি পিসিবি। তাই মামলা করতে একশ কোটি রুপির তহবিল গঠন করেছে তারা।