এ বছরের শেষদিকেই অভিষেক টেস্ট খেলতে পারে আফগানিস্তান। এ জন্য জিম্বাবুয়ের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের আলোচনা চালাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। সিরিজটি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে হওয়ার সম্ভাবনাই বেশি।
এ বছরের জুনে আফগানিস্তানকে টেস্ট স্ট্যাটাস দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। জিম্বাবুয়ের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজে একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা আফগানদের। কোনো কারণে ঘরের মাটিতে সম্ভব না হলে, ভারত অথবা সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি আয়োজন করতে চায় এসিবি।
গত সপ্তাহে এক ই-মেইলে সিরিজ খেলার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তবে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশের সঙ্গে তিন জাতির সিরিজ, ও আইসিসির বার্ষিক সূচির বিষয়ে চিন্তাভাবনা করে আফগানিস্তান সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জেডসিবি।