নেইমারকে আটকে রাখতে পারলো না স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ। নেইমারের ট্রান্সফারের রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো বার্সেলোনার দপ্তরে জমা দিয়ে চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সেইন্ট জার্মেই। রদবদলের আনুষ্ঠানিকতার পর পিএসজিতে খেলতে মুখিয়ে আছেন বলে জানান নেইমার।
বৃহস্পতিবার লা লিগা অফিসে বাই আউট ক্লজের অর্থ জমা দিতে যান নেইমারের আইনজীবী। কিন্তু অর্থ নিতে অস্বীকৃতি জানায় লা লিগা কর্তৃপক্ষ। এর ফলে ব্রাজিলিয়ান সেনসেশনের রদবদল সাময়িক অনিশ্চয়তায় পড়ে।
তবে স্প্যানিশ লিগের অফিসে না পারলেও, বার্সার দপ্তরে যেয়ে নির্ধারিত অর্থ জমা দিয়ে এসেছেন নেইমারের প্রতিনিধি। এর ফলে বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে ট্রান্সফার সম্পন্ন হলো এ স্ট্রাইকারের।
এদিকে, নির্দিষ্ট অভিযোগ না থাকার পরও লা লিগার অফিস রদবদলের অর্থ জমা না নেয়ায় বিষ্মিত পিএসজি। ফরাসি ক্লাবটির মতে স্প্যানিশ ক্লাব কর্তৃপক্ষ অর্থ জমা না নিয়ে আইন লঙ্ঘন করেছে।