ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অলরাউন্ডিং জ্যামাইকা তালাওয়াহসকে জয় এনে দিলেন সাকিব।
বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাট হাতে হার না মানা ৪৪ রানের পর, বোলিংয়েও পেয়েছেন এক উইকেট আর বার্বাডোস ট্রিডেন্টেসের বিপক্ষে জ্যামাইকা জিতেছে ১২ রানে।
বার্বাডোসের বিপক্ষে এটি ছিল জ্যামাইকার টানা দ্বিতীয় ম্যাচ। আগেরটিতে হারলেও, এ ম্যাচে তালাওয়াহসরাই জিতে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করে জ্যামাইকা। আন্দ্রে ম্যাকার্থির ফিফটির পর, ৩২ বলে হার না মানা ৪৪ রান করেন সাকিব। পাঁচটি চার ও একটি ছক্কায় সাজানো ছিল সাকিবের অপরাজিত ইনিংসটি।
জবাবে সব উইকেট হারিয়ে ১৪২ রান তোলে বার্বাডোস। কাইরোন পোলার্ড ৩৩ বলে ৬২ রান করেন। তবে মোহাম্মদ সামির ১২ রানে চার উইকেটের স্পেলে কুপোকাত হয় বার্বাডোস। ব্যাটিংয়ের পর বোলিংয়েও সফল হন সাকিব। একটি উইকেট পান তিনি।
সাকিব ছাড়াও উইকেট নেন ক্রিসমার সান্তোকি, ইমাদ ওয়াসিম ও কেসরিক উইলিয়ামস।