ইউয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন জিয়ানলুইজি বুফ্ফন, ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ২৪ আগস্ট চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সেরা ফুটবলার ছাড়াও, সেরা গোলকীপার, সেরা ডিফেন্ডার, সেরা মিডফিল্ডার ও সেরা ফরওয়ার্ডের নামও একই দিনে জানানো হবে।
ইতালি ও ইউভেন্টাস গোলরক্ষক বুফন, আর্জেন্টিনা ও বার্সেলোনা প্লে-মেকার মেসি এবং পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ উইঙ্গার রোনালদোর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।
জাতীয়, ক্লাব ও ইউয়েফার অধীনে সব প্রতিযোগিতায় খেলোয়াড়দের এক বছরের পারফরম্যান্স দেখে এ পুরষ্কার দেয়া হয়। ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার ৫৫ সাংবাদিক ও ৮০ জন ফুটবল কোচের ভোটের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবে।
এ তিন তারকা ছাড়াও, সেরা দশ ফুটবলারের তালিকায় নাম তুলেছেন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ, টনি ক্রুস ও সার্জিও রামোস, ইউভেন্টাসের পাওলো দিবালা, মোনাকোর কিলিয়ান এমবাপে, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদস্কি ও ম্যানচেস্টার ইউনাইটেডের জ্লাতান ইব্রাহিমোভিচ।