অস্ট্রেলিয়ার সিরিজকে সামনে রেখে শনিবার দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট দলে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন এবং পেসার শফিউল ইসলাম।
বাংলাদেশ দল:
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে জায়গা পান্নি তারকা খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ এবং টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক।
গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ ও মুমিনুল।
অস্ট্রেলিয়া সিরিজেও তাদের একই পরিণতি বরণ করতে হবে বলে এতদিন জোর গুঞ্জন চলছিল। শনিবারের দল ঘোষণা সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিল।
এদিকে, দুটি টেস্ট খেলতে শু্ক্রবার রাতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত পৌনে ১১টায় অবতরণ করে অজি দলকে বহন করা বিমানটি।
দীর্ঘ এগারো বছর পর টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে টিম অস্ট্রেলিয়া। ২০১১ সালে ওয়ানডে সিরিজ খেলতে আসলেও, সাদা পোশাকের লড়াইয়ে ২০০৬ সালের পর টাইগারদের মুখোমুখি হয়নি ক্যাঙ্গারুরা। ২০১৫ সালে নিরাপত্তার কারণ দেখিয়ে শেষ মূহূর্তে বাংলাদেশ সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবারও বেতন-ভাতা নিয়ে দেশটির ক্রিকেটার ও বোর্ডের দ্বন্দ্বে অনিশ্চয়তায় পড়েছিল বাংলাদেশ সিরিজ।
তবে সবকিছু পেছনে ফেলে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন স্মিথ-ওয়ার্নাররা। সফরে দুটি টেস্ট ও একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। ২৭ আগস্ট মিরপুরে প্রথম আর ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু হবে।
দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনো নিশ্চিত না হলেও, দুই একদিনের মধ্যেই তা নির্ধারণ করা হবে।