বাংলাদেশ সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
প্রস্তুতি ম্যাচের ওই দুই দিন রাজধানীর মিরপুর অ্যাকাডেমি মাঠে অনুশীলন করবেন সফরকারিরা। ২২ ও ২৩ আগস্ট বিসিবি একাদশ ও অস্ট্র্রলিয়া দলের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল।
নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটির ভেন্যু ছিল নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে। কিন্তু গত কয়েক মাসের বৃষ্টিতে ফতুল্লার মাঠে পানি জমে খেলার অনুপোযোগী হয়ে পড়েছে। গ্রাউন্ডসম্যানরা চেষ্টা করেও মাঠ খেলার উপযোগী করতে পারেননি। তাই নারায়ণগঞ্জে খেলবে না অজিরা।
এর পরিবর্তে সাভারের বিকেএসপি ও রাজধানীর মোহাম্মদপুরের ইউল্যাব ইউনাইভার্সিটির মাঠে প্রস্তুতি ম্যাচটি খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি।
কিন্তু দূরত্বের কারণে বিকেএসপি ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় ইউল্যাবের মাঠেও না খেলার সিদ্ধান্ত নেয় সফরকারিরা।
এই তিন ভেন্যুর বদলে মিরপুরে প্র্যাকটিস ম্যাচটি খেলার কথা বলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু প্রথম টেস্টের পাঁচদিন আগে একই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলার পক্ষে রাজি হয়নি বিসিবি।