দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
শনিবার সকাল সাড়ে ৭টায় নড়াইলের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন তিনি। নামাজের ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলনা আশরাফ আলী।
এখানে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এদিকে, বন্দর নগরিতে ঈদ উদযাপন করেছেন অস্ট্রেলিয়া দলের সাথে দ্বিতীয় টেস্টে ডাক পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা।
দিনের শুরুতে সকাল সাড়ে ৮টায় নগরের দামপাড়া পুলিশ লাইন মসজিদে ঈদ জামাতে নামাজ আদায় করেন বাংলাদেশ ক্রিকেট দলের নাসির হোসেইন, মুমিনুল হক, ও সাব্বির। তাছাড়াও একই ঈদগাহে নামাজ আদায় করেন অজি ক্রিকেটার খাজা ওসমান।
বিকেলে তামিম ইকবালের বাসায় ঈদের আমন্ত্রণে যাবার কথা টাইগার দলের সদস্যদের।
আজ দলের অনুশীলনের কথা রয়েছে। তবে নিশ্চিত অনুশীলনে নামবে স্মিথ বাহিনী।
সিরিজের ২য় টেস্ট আগামী চার সেপ্টেম্বর জহুর আহামেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে।