দক্ষিণ আফ্রিকা সফরের টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্রাম দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। বাদ পড়েছেন নাসির হোসেন। আর দলে ঢুকেছেন মাহমুদুল্লাহ, রুবেল হোসেন ও শুভাশীষ রায়।
টানা ক্রিকেট খেলার ক্লান্তি ঘোঁচাতে বিসিবির কাছে টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের বিশ্রাম চেয়েছেন সাকিব। এ কারণে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে রাখা হয়নি তাকে। তবে সাকিব চাইলে দ্বিতীয় টেস্টেই ফিরতে পারবেন। এমনটা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ মিস করা মাহমুদুল্লাহ'র সঙ্গে ফিরেছেন রুবেল ও শুভাশীষ। দলের অন্য সদস্যরা হলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মমিনুল হক, সাব্বির রহমান, লিটন দাশ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম। তবে, বাদ পড়েছেন নাসির হোসেন।