চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ডিএল মেথডে ২৬ রানে হারিয়েছে ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে ২৮১ রান করেন স্বাগতিকরা। তবে, বৃষ্টির কারণে ২১ ওভারে ১৬৪ রানের টার্গেট দেয়া হয় অজিদের।
টস জিতে ব্যাট করতে নেমে ৮৭ রানে টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে, হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন মহেন্দ্র সিং ধোনি। দুজনেই তুলে নেন ফিফটি।
পান্ডিয়া ৮৩ রান করে ফিরে গেলেও অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখেন ধোনি। শেষ পর্যন্ত ভুবনেশ্বর কুমারের ৩২ ও ধোনির ৭৯ রানে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৮১ রান তোলে স্বাগতিকরা।
এরপর বৃষ্টির কারণে ২১ ওভারে ১৬৪ রানের টার্গেট দেয়া হয় অস্ট্রেলিয়াকে।
জবাব দিতে নেমে, নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। গ্লেন ম্যাক্সওয়েল সর্বোচ্চ ৩৯ ও জেমস ফকনার ৩২ রান করেন।
শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৭ রানে থামে অজিদের ইনিংস।